রানা জামান
রাতভর অপেক্ষা শেষে ফোনে ভেসে আসে চাঁদ উঠেছে ঈদের!
শহরের আকাশে তখন নতুন ভোরের সফটওয়্যার আপডেট
রোজার ক্লান্তি মুছে যায় ঈদের ভোরের মিষ্টি আলোতে
মসজিদের মিনার থেকে ছড়িয়ে পড়ে সাদা শব্দের ঢেউ।
মানুষেরা নতুন পোশাকে নিজেদের পুনরায় লগইন করে
কোলাকুলি যেন পুরোনো দূরত্বের ডিলিট বাটন
রান্নাঘরে সেমাইয়ের গন্ধে খুলে যায় স্মৃতির ফোল্ডার
ঈদের আনন্দ প্রতিঘরে বিস্তৃত হতে থাকে নিরব ডাউনলোডে।
শিশুদের পকেটে নতুন নোটে সালামি পাবার আনন্দ
শিশুগুলো হাসে, যেন পৃথিবীর সার্ভার একটু হালকা হয়েছে
রাস্তাগুলো আজ উৎসবের টাইমলাইনে ভেসে ওঠে
দরজায় দরজায় কড়া নাড়ে সম্পর্কের পুরোনো নোটিফিকেশন।
কেউ মাফ চায়, কেউ আলিঙ্গনে ভুলে যায় অভিমান
ঈদের নামাজ শেষে আকাশটা আরও হয়ে উঠে নীল
দুঃখগুলো স্মিত হেসে দাঁড়িয়ে থাকে খানিকটা দূরে
মানুষেরা ভাগ করে নেয় মিষ্টি, গল্প আর আলো।
একদিনের জন্য পৃথিবী যেন আরও হয়ে যায় মানবিক
মনের ভেতরে জমে থাকা অন্ধকার একটু কমে আসে
চাঁদের নরম আলোতে আবার শুরু হয় নতুন সময়
ঈদ লিখে দেয়—ভালোবাসাই সবচেয়ে বড় উৎসব।


