ঈদের খুশি
মুস্তাফা ইসলাহী
ঈদের খুশি জামা, জুতো
ঈদের খুশি সাজা
ঈদের খুশি ফিরনি, পায়েস-
সেমাই, পিঠা ভাজা।
ঈদের খুশি গল্পগুজব
জেগে থাকা রাত
ঈদের খুশি নতুন টাকা
লাল মেহেদির হাত।
ঈদের খুশি চাঁদের হাসি
ঈদের খুশি দান
ঈদের খুশি ” রমজানের ঐ
রোজার শেষে ‘র গান।
২.
ঈদ কেনো চাই
মুস্তাফা ইসলাহী
ঈদ কেনো চাই?
ঈদে জাগি সারারাত
মেহেদীতে আঁকি হাত
করি গান, উৎপাত
একসাথে নজরুল গাই।
ঈদ কেনো চাই?
কোনো বাঁধা দেয় না মা
পাই টাকা, ঈদি, জামা
মনে সুখ দেয় হামা
খেলি, নাচি ধিন তাকা থাই।
ঈদ কেনো চাই?
ঈদে হই পাখি, পরী
মনব্যাগে সুখ ভরি
স্বাধীনতা ভোগ করি
এই সুখ ঈদ ছাড়া নাই।
ঈদ কেনো চাই?
ইশকুলে তালা ঝুলে
বই, খাতা রাখি তুলে
পড়া আছে যাই ভুলে
শিক্ষক পড়ায় না, তাই।


